ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: তিন ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার সোনালী ব্যাংক মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়। নিয়মিত বাজার ও ফার্মেসি তদারকির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে তিন ফার্মেসির তাক থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট ফার্মেসিগুলোকে জরিমানা ও সতর্ক করা হয়।

ইউএনও কাবেরী রায় জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বাজার ও ফার্মেসি পর্যবেক্ষণ চলছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি একটি গুরুতর অপরাধ। ভোক্তা অধিকার নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।