ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে নতুন বিপ্লবের আশঙ্কা তুলে ধরলেন রেজা কিবরিয়া

গণ অধিকার পরিষদের সাবেক নেতা ড. রেজা কিবরিয়া বলেছেন, বর্তমান সরকারের হাতে সংস্কারের দায়িত্ব দেওয়া উচিত নয়, কারণ সরকার নিরপেক্ষতা হারিয়ে নিজেদের দলকে ক্ষমতায় নিতে ব্যস্ত। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশে আরেকটি বিপ্লব ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জনতা পার্টি বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, জুলাই-আগস্টের শহীদদের রক্তের প্রতি বর্তমান সরকার বিশ্বাসঘাতকতা করেছে। জনগণ ভেবেছিল শেখ হাসিনা সরকারের পর অন্তত কিছুটা মানোন্নত সরকার আসবে, কিন্তু বাস্তবে আরও নিম্নমানের শাসন ব্যবস্থার মুখোমুখি হয়েছে দেশ।

সভায় জনতা পার্টির মহাসচিব শওকত মাহমুদ অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে ও বিদেশে ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং বিএনপির দিকে ঝুঁকছেন। তিনি বলেন, সংস্কার চাপিয়ে দেওয়ার সক্ষমতা এই সরকারের নেই।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনতা পার্টির নির্বাহী চেয়ারম্যান গোলাম সারওয়ার মিলন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি মহসীন রশিদ, নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি এ কে এম আশরাফুল হক এবং জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক মেজর আমিন আহমেদ আফসারী।