বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জনগণের আস্থা অর্জন করতে হলে অনলাইন নির্ভর রাজনীতি থেকে বের হয়ে দেশে ফিরতে হবে। ইতিহাস থেকে শিক্ষা না নিলে তাকে প্রবাসেই অবস্থান করতে হবে।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি বলেন, “দেশ স্বাধীন, জনগণের মধ্যে এসে ঘোষণা দিতে হবে যে নতুন সংবিধান প্রণয়ন করতে চান। শেখ মুজিবের সংবিধান মানবেন না, নতুন সংবিধান চান—এভাবে জনগণের সামনে আসলেই তারা আপনাকে গ্রহণ করবে।”
তিনি অভিযোগ করেন, এ সংবিধানের অধীনে ক্ষমতাসীন দলগুলো জনগণের ওপর নানা ধরনের দমন-পীড়ন চালিয়েছে। ইতিহাসে দেখা যায়, এমন অনেক নেতা ক্ষমতায় থেকে পরবর্তীতে বিদেশে পালাতে বাধ্য হয়েছেন। তিনি ড. মুহাম্মদ ইউনূসের উদাহরণ টেনে বলেন, “লন্ডনে গিয়ে সিজদা দিয়ে তিনি বিদেশি নির্দেশে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন, অথচ সিজদা দেওয়ার কথা ছিল জনগণের সামনে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও জানান, চলমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ গণপরিষদ নির্বাচন। এ লক্ষ্যে এনসিপি নতুন সংবিধানের দাবিতে মাঠে নেমেছে। তিনি প্রতিশ্রুতি দেন, যদি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়, তবে তিনি আর জনসমক্ষে আসবেন না।