জাতীয় শিক্ষাক্রম কমিটি (এনসিসি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পাঠ্যবই থেকে বাদ দেওয়ার প্রস্তাব নাকচ করেছে। তবে পূর্ণাঙ্গ ভাষণের পরিবর্তে সংক্ষিপ্ত আকারে বইয়ে রাখা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কার্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সংশোধিত পাঠ্যপুস্তক অনুমোদন সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে জানা যায়, এনসিটিবি এবং পুস্তক পর্যালোচনায় যুক্ত কয়েকজন শ্রেণিশিক্ষক ৭ মার্চের ভাষণ বই থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছিলেন। তবে শিক্ষা প্রশাসনের একটি অংশ এর তীব্র বিরোধিতা করে এবং সংক্ষিপ্ত আকারে রাখার পক্ষে মত দেন। এ নিয়ে বৈঠকে বাকবিতণ্ডাও হয়। শেষ পর্যন্ত আলোচনা শেষে অষ্টম ও দ্বাদশ শ্রেণির বইয়ে ভাষণটি সংক্ষিপ্ত রূপে রাখার বিষয়ে ঐকমত্য হয়।
এ প্রসঙ্গে এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক রবিউল কবীর চৌধুরী রাতে সাংবাদিকদের জানান, “অষ্টম ও একাদশ শ্রেণির বইয়ে আগে থেকেই ৭ মার্চের ভাষণ ছিল। এখন তা সংক্ষিপ্ত আকারে রাখা হবে। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে অবহিত করবেন।”
এদিকে বৈঠকে ‘আমাদের নতুন গৌরব গাঁথা’ প্রবন্ধ নিয়ে আপত্তি তোলা হয়। কয়েকজন সদস্য অভিযোগ করেন, প্রবন্ধে ২৪ সালের গণঅভ্যুত্থানকে খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে এবং গণহত্যার ইতিহাসে শেখ হাসিনার নাম বাদ দেওয়া হয়েছে। আলোচনার পর প্রবন্ধটি সংশোধন করে শেখ হাসিনার নাম সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়।