লিবিয়ার বেনগাজী গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সহায়তায় ১৭৫ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সোয়া ৬টায় বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (UZ222) তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার দূতাবাস থেকে একটি প্রতিনিধি দল নিয়ে ডিটেনশন সেন্টারে উপস্থিত ছিলেন এবং প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করেন। তিনি এই কার্যক্রমে সহায়তার জন্য লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইওএমকে ধন্যবাদ জানান।
দেশে ফেরা অভিবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত বলেন, ভবিষ্যতে বিদেশ যেতে হলে অবশ্যই বৈধ ও নিরাপদ পথে যেতে হবে এবং এর জন্য দক্ষতা অর্জন অপরিহার্য। তিনি সবাইকে নিজ নিজ এলাকায় মানবপাচার ও অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করার আহ্বান জানান। একই সাথে, মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ভুক্তভোগীদের পরামর্শ দেন এবং এ বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, লিবিয়ায় আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম-এর সাথে নিবিড়ভাবে কাজ করছে।