ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ক্লাস বর্জন করে সড়ক অবরোধ, অবস্থান কর্মসূচি ও মানববন্ধন

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সড়ক অবরোধ, মানববন্ধন, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন এবং স্মারকলিপি জমা দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে কলেজের নারী শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ, শিক্ষার্থীদের হুমকি প্রদান ও নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে ইনস্ট্রাক্টর মোঃ জামাল উদ্দিন ভূঁইয়া, মোঃ তাজুল ইসলাম ও মোঃ মোখলেছুর রহমানের বদলির দাবিতে তারা এসব কর্মসূচি পালন করেন।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাজবাড়ী সড়কে শিক্ষার্থীরা মানববন্ধন করে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এরপর শিক্ষার্থীরা তাদের দাবিনামা সম্বলিত স্মারকলিপি জমা দেন।

কর্মসূচি চলাকালে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মধ্যে ফারিহা আলম, মোসাম্মৎ শারমিন আক্তার, মেহেদী হাসান চয়ন, হৃদয় খান, লুৎফুন নাহার লিজা, তুহিন মোর্শেদ ও রাফিউল আলম সরকার প্রমুখ বক্তব্য রাখেন।