ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ এখন অচল মাল, দেশে ফেরার সুযোগ নেই: যশোরে সমাবেশে নুরুল হক নুর

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ এখন অচল মাল। বাংলাদেশে তাদের ফেরার আর কোনো সুযোগ নেই।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে যশোর জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকে লুটপাটকারীরা রাজনীতিকে জমিদারি প্রথায় পরিণত করেছে। কিন্তু দেশের মানুষ আর সেই রাজনীতি মেনে নেবে না। তিনি আওয়ামী লীগকে “গণহত্যাকারী দল” হিসেবে অভিহিত করে দাবি করেন, এ দল এখন আর জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, পুরোনো ব্যবস্থা দিয়ে নতুন রাষ্ট্র গড়া সম্ভব নয়। নির্বাচনের আগে রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন, রাষ্ট্র পুনর্গঠন ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

অর্থনীতি প্রসঙ্গে নুর অভিযোগ করেন, বিশ্ববাজারে দাম কমলেও দেশে তা প্রভাব ফেলছে না। এর পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও ক্ষমতার লোভই দায়ী।

সমাবেশে জেলা কমিটির সভাপতি বিএম আশিকুর রহমানের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।