শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন সাধারণ মানুষের ভরসার জায়গায় পরিণত হয়েছে। আগে যেখানে গ্রামাঞ্চলের মানুষকে সামান্য চিকিৎসার জন্যও জেলা শহরে বা ঢাকায় ছুটতে হতো। এখন সেই সেবাই মিলছে উপজেলা পর্যায়ে।জেলার অন্যতম উপজেলা ভেদরগঞ্জ। কৃষি ও মাছ ধরা এ অঞ্চলের মানুষের প্রধান পেশা হলেও তুলনামূলক অসচ্ছলরা দিনমজুরের কাজ করেন। অভাব তাদের নিত্যদিনের সঙ্গী। আর রোগে-শোকে তাদের শেষ ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে আধুনিক ল্যাব, আল্ট্রাসোনোগ্রাম, শিশু ও মাতৃস্বাস্থ্য সেবা, ২৪ ঘণ্টা জরুরি বিভাগ এবং পর্যাপ্ত ওষুধ সরবরাহ। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করায় রোগীরা পাচ্ছেন দ্রুত চিকিৎসা। সরকারী হাসপাতালের এমন চিত্র দেখে রীতিমত মুগ্ধ সেবাগ্রহীতারা। চাহিদা সম্পূর্ণ বিশেষজ্ঞ চিকিৎসক যাবতীয় পরীক্ষা-নিরিক্ষার সুবিধা। আবাসিক রোগীদের পরিচ্ছন্ন সেবা, বিনামূল্যে ঔষুধ বিতরণ সবমিলিয়ে এক অভাবনীয় সেবার দেখা মিলছে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এছাড়াও দালাল মুক্ত ও বিনা হয়রানিতে মেডিকেল বোর্ডের মাধ্যমে সঠিক মেডিকেল সার্টিফিকেট দেওয়ায় এই সুনাম জেলা জুড়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার অন্যতম উপজেলা ভেদরগঞ্জ। প্রায় তিন লাখ ৪ হাজার জন জনগোষ্ঠীর জন্য ১৯৭২ সালের দিকে ৩১ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি নির্মাণ করা হয়। পরে ২০১১ সালে হাসপাতালটি ৫০ শয্যায় রূপান্তরিত হয়। সময়ের পরিক্রমায় হাসপাতালটি ধারাবাহিকভাবে আধুনিকায়নে পরিণত হয়। এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে সেবা নিতে আসা রোগীরা সেবার মান ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে ২৪ জন চিকিৎসাক থাকার কথা থাকলেও মাত্র ৯ জন চিকিৎসক ও ২১ জন দক্ষ নার্স (সেবিকা) মিডওয়াইফসহ জরুরী ও বহির্বিভাগে রোগীদের নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে হাসপাতালটি।
রবিবার ২৪ আগষ্ট সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড জরুরী বিভাগ ও আউটডোরে রোগীদের সারিবদ্ধভাবে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করছে। উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবায় অনেক ধাপ এগিয়ে থাকায় এতে সেবা নিতে প্রতিনিয়ত এই হাসপাতালের ইনডোর ও আউটডোরে রোগীদের ভীড় চোখে পড়ার মতো। আর কর্মরত ডাক্তাররাও নিরলসভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। এছাড়াও হাসপাতালে সেবার মান বৃদ্ধি পাওয়াতে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক চিকিৎসা সেবা থেকে মুখ ফিরিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিতে ভীড় জমাচ্ছে রোগীরা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রতিদিন প্রায় ৬’শ থেকে ৭’শ জন এবং জরুরী বিভাগে প্রায় ৯০ থেকে ১০০ জন রোগী সেবা নিয়ে থাকেন। এছাড়াও সিজারিয়ান অপারেশন স্তর চালু হওয়ার পর থেকে অপারেশন যোগ্য প্রসূতি রোগীদের সিজার অপারেশন করা হচ্ছে। প্রতিমাসে নরমাল ডেলিভারী করা হয় প্রায় ৫০ থেকে ৬০ জন গর্ভবতী মায়ের। জরুরী প্রয়োজনের দিক বিবেচনায় ২৪ ঘণ্টা হাসপাতালে ডেলিভারীর ব্যবস্থা চালু রাখা হয়েছে। বর্হিবিভাগে নিয়মিত চিকিৎসাসহ এনসিডি কর্ণারে বিনামূল্যে দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসা। আই এম সি আই কর্ণারে শিশু রোগীদের চিকিৎসা করা হয়। এএনসি কর্ণারে প্রসূতি মায়ের চিকিৎসা প্রদান করা হয়। কমিউনিটি ভিশন সেন্টারের মাধ্যমে চোখের যাবতীয় রোগের চিকিৎসা করা হয়। ও আর টি কর্ণারের মাধ্যমে ডায়রিয়া রোগের চিকিৎসা করা হয়। ভি আই এ সেন্টারের মাধ্যমে মহিলাদের জরায়ু ক্যান্সার শনাক্ত করণ,বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধ সামগ্রী প্রদান, এক্সরে, ই.সি.জি, আল্ট্রাসোনোগ্রাফিসহ নানা পরীক্ষা-নিরিক্ষা, স্বাস্থ্য অধিদপ্তর ও দাতা গোষ্ঠীদের সার্বিক সহযোগীতায় রোগীদের জন্যে পরিচ্ছন্ন ও মানসম্মত খাবার ব্যবস্থা, খাদ্য পানীয় সুবিধার্থে ফিল্টার স্থাপন, হাসপাতাল এলাকার পরিচ্ছন্নতা ও হাসপাতালের সার্বিক দিকবিবেচনা করলে খুব সহজেই প্রতিয়মান।
তারাবুনিয়া থেকে চিকিৎসা নিতে এসেছেন সন্তানসম্ভবা রুবিনা ইয়াসমিন। তিনি বলেন,“আমার সন্তান জন্মের সময় আমি ভেবেছিলাম অনেক কষ্ট হবে। কিন্তু ডাক্তার আর নার্সরা এত আন্তরিকভাবে সহযোগিতা করেছেন যে আমি সুস্থভাবে সন্তান জন্ম দিতে পেরেছি। হাসপাতালে বিনামূল্যে ওষুধও পেয়েছি। এখন আমি আর আমার বাচ্চা দুজনেই ভালো আছি। আমি কখন ভাবিনি সরকারি হাসপাতালে এই ধরে সেবা পাওয়া যায়।”
সখিপুর থেকে বৃদ্ধ বাবাকে চিকিৎসার জন্য নিয়ে আসা কামাল মিয়া বলেন,”আমার বাবার দীর্ঘদিনের হাঁপানির সমস্যা ছিল। আগে ঢাকা নিয়ে গিয়ে প্রচুর টাকা খরচ করতে হতো। আমরা গরিব মানুষ এতো টাকা খরচ করে ঢাকায় চিকিৎসা করা সম্ভব না। তাই সরকারি হাসপাতালে নিয়ে এসেছি এখন এখানেই নিয়মিত চিকিৎসা করাচ্ছি। ডাক্তাররা সবসময় খোঁজ নেন এবং যতটুকু সম্ভব ঔষধ দিয়ে দেন। এখন আর আমাদের অত দূরে যেতে হয় না।”
জ্বর ও শরীর ব্যাথা নিয়ে চিকিৎসা নিতে এসেছেন আকাশ। তিনি বলেন,” হঠাৎ জ্বর হলে পরিবার নিয়ে আসে হাসপাতালে। সে হাসি মুখে আমার খুব ভয় লাগছিল ভেবেছিলাম সিরিয়াস কিছু হয়েছে। কিন্তু ডাক্তার পরীক্ষা করে আশ্বস্ত করলেন। কিছু ওষুধ দিলেন। এখন আমি ভালো বোধ করছি। এখানকার পরিবেশও খুব সুন্দর। আগে কিছুটা সমস্যা ছিলো এবং মানুষ বলতো সরকারি হাসপাতালের চিকিৎসা ভালো না কিন্তু আমি তেমন কিছু পাই নি আমার চিকিৎসা এবং ঔষধ পত্র এখান থেকেই দিয়ে দিছে।”
ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কুমার পোদ্দার বলেন, ভেদরগঞ্জ হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসা বিভিন্ন ধরনের রোগীকে আমরা যত্নসহকারে চিকিৎসা সেবা প্রদানসহ সরকারের বরাদ্দকৃত বিনামূল্যে ওষুধ সরবরাহ করছি। রোগীদের উন্নত সেবা দানের জন্য চিকিৎসক-নার্স সকলেই নিরলসভাবে কাজ করছে। এখানে পরিচ্ছন্নতা কর্মী, আয়া, ওয়ার্ড বয় ও নাইটগার্ডের সংকট। হাসপাতাল ভবনটি জরাজীর্ণ হওয়ায় নতুনভাবে ভবন করা বা দরকার। সারাবছর যে পরিমাণ ঔষধ প্রয়োজন সে পরিমাণ ঔষধ হয় না সরকারী অপ্রতুল্য বরাদ্দের কারণে। স্বাস্থ্য কমপ্লেক্সে সবসময়ই ধারণক্ষমতার কয়েকগুণ বেশী রোগী ভর্তি থাকে। এতে আমাদের সেবা দিতে কর্তব্যরত চিকিৎসক ও বাকিদের হিমশিম খেতে হয়। স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীর দিকবিবেচনায় ৫০ শয্যার এ হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা জরুরী।