ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই স্কুলছাত্রকে হাতুড়িপেটা, হাসপাতালে ভর্তি

মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই স্কুলছাত্রের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৪ আগস্ট) বিকেলে বড়মেহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বখাটেদের হাতে গুরুতর আহত হয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মঈন শেখ ও ইসমাইল বেপারী।

স্থানীয়রা জানান, একদল বখাটে মাঠে খেলা করতে নিষেধ করলে শিক্ষার্থীরা খেলা থামায়নি। এতে ক্ষিপ্ত হয়ে বায়জিদ ঢালী ও তামিম ঢালী প্রথমে ইসমাইলকে মারধর করে এবং পরে মঈনকে হাতুড়ি দিয়ে আঘাত করে। তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শিক্ষার্থীরা অভিযোগ করেছে, হামলাকারীরা দীর্ঘদিন ধরে তাদের ভয়ভীতি দেখাচ্ছে এবং স্কুলে যাতায়াতের সময় অশালীন আচরণ করছে। শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা ঘটনাটির বিচার দাবি করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা তামান্না জানান, বখাটেদের কারণে বারবার সমস্যা তৈরি হচ্ছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সদর থানার ওসি আদিল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।