নির্বাচন কমিশনে সীমানা পুনর্নির্ধারণ শুনানিকে কেন্দ্র করে উত্তেজনার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বাকযুদ্ধ। এর কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।
রোববার নির্বাচন ভবনে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। এরপর সংবাদ সম্মেলনে হাসনাত রুমিনকে উদ্দেশ্য করে মন্তব্য করেন, তিনি নাকি ‘বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক’।
এর জবাবে সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া জানান রুমিন। তিনি হাসনাতের পুরোনো রাজনৈতিক যোগসূত্রের ছবি ও তথ্য প্রকাশ করে সরাসরি তাকে “ফকিন্নির বাচ্চা” বলে গালি দেন।
রুমিনের পোস্টে দেখা যায়—ছাত্রজীবনে ছাত্রলীগের সঙ্গে হাসনাতের সম্পৃক্ততার অভিযোগ, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা তার নিবন্ধ ও পোস্ট, এমনকি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক পদে মনোনয়নের একটি চিঠির ছবি।
তবে এই বিষয়ে হাসনাত আবদুল্লাহর কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক অঙ্গনে রুমিনের এই বক্তব্য ঘিরে ব্যাপক আলোচনা চলছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়েছে।