শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়নের উমরদি মাদবরের কান্দি মসজিদে ফজরের আজানের আগে-পরে মসজিদের মাইকে মুসল্লিদের ডাকাডাকিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন।
২৬ আগস্ট মঙ্গলবার আনুমানিক রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও হাসপাতালে উপস্থিত ব্যক্তিদের কাছে জানা যায়, মসজিদের ইমাম ফজর নামাজের আগে-পরে মসজিদের মাইকে মুসল্লিদের ডাকাডাকি করাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আসলাম সরদার ও খবির সরদার।
আর সেই ঘটনাকে কেন্দ্র করে আসলাম সরদার (২৭) খবির সরদার (৫৫)-কে ছুরি দিয়ে বুকে আঘাত করলে তিনি পানিতে পড়ে যান।
স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবির সরদার বড় কান্দি ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদারসহ বিএনপি নেতাকর্মীরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
অভিযুক্ত আলমাস সরদার ও তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।