ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি আক্রমণে ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার

রাজধানীতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর সংঘটিত পুলিশি নির্যাতনের ঘটনায় প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী। বুধবার গভীর রাতে শাহবাগে উপস্থিত হয়ে তিনি এই বিরল স্বীকারোক্তি করেন।

“হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে যে অপ্রত্যাশিত ঘটনাটি ঘটেছে, সেজন্য আমি কমিশনার হিসেবে গভীরভাবে অনুতপ্ত। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি,” বলেন তিনি। তবে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিতেই শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ফেটে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে কমিশনার সেখান থেকে প্রস্থান করেন।

এদিকে প্রকৌশলী অধিকার আন্দোলনের পক্ষ থেকে আজ বিকেল পাঁচটায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কাউন্সিল হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানানো হবে। একই সঙ্গে দেশব্যাপী সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে সংগঠনটি।