ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে ব্যবসায়ী নিখোঁজের অভিযোগ

গাজীপুরে ডিবি পুলিশের তাড়া খেয়ে বালু ব্যবসায়ী আমজাদ হোসেন তুরাগ নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। নিখোঁজের পর থেকেই স্বজনদের আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ আমজাদ হোসেন গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা কাঠালিয়া পাড়া এলাকায় ইদ্রিস আলীর ছেলে। নিখোঁজ আমজাদ হোসেনের দুই ছেলে ও স্ত্রী রয়েছে। নিখোঁজ হওয়ার পর ওই পরিবারের লোকজনকে সান্ত্বনা দিতে ওই বাড়িতে ভিড় করছেন স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা।
নিখোঁজ ব্যবসায়ী আমজাদ হোসেনের স্বজন ও এলাকাবাসী জানায়, গতকাল বুধবার সন্ধ্যা ৬ টার দিকে কড্ডা এলাকায় নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসে ছিলেন বালু ব্যবসায়ী আমজাদ হোসেন। এসময় একটি মাইক্রোবাস যোগে ৮-১০ জন সাদা পোশাকের লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানের চারপাশ ঘিরে ফেলে। তারা আমজাদ হোসেনকে আটক করার জন্য গেলে তিনি দৌড়ে পালোনোর চেষ্টা করেন। এসময় তাকে পেছন থেকে ধাওয়া করা হয়। এক পর্যায়ে আমজাদ হোসেন পাশের তুরাগ নদীতে ঝাঁপ দেন। পরে ওই সাদা পোশাকধারী লোকজন চলে গেলে স্বজন ও এলাকাবাসী নদীতে রাতভর খোঁজাখুঁজি করেন। স্থানীয়রা তাকে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ আমজাদ হোসেনকে উদ্ধারে কাজ শুরু করে। তবে সকাল ১১ টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।
স্বজনদের দাবি, নিখোঁজ আমজাদ হোসেনের বিরুদ্ধে থানায় কোন মামলা নেই। তারপরও বিভিন্ন সময় ডিবি পুলিশ তাকে বিরক্ত করতো। গতকাল তাকে ধরতে ডিবি পুলিশ আসলে তাদের হাত থেকে রক্ষা পেতে আমজাদ নদীতে ঝাঁপ দেয়। এ ঘটনায় দায়ীদের বিচার চাইছেন তারা।

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শাহিন আলম বলেন, খবর পেয়ে নিখোঁজ আমজাদ হোসেনকে উদ্ধার তুরাগ নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনও তার হদিস মেলে নি।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির ডিসি ডিবি (নর্থ) মোঃ রেজাউর রহমান মোবাইল ফোনে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করে দেখা হচ্ছে। আদৌ, ডিবি’র কোন টিম সেখানে গিয়েছিল কিনা?