শরীয়তপুরের জাজিরায় ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের জেরে একদিনে প্রাণ হারিয়েছেন চাচা-ভাতিজা। মঙ্গলবার রাতে ফজরের আযান ও বয়ান নিয়ে মতবিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হন খবির সরদার (৫৫)। অভিযোগের তীর চাচাতো ভাইয়ের ছেলে আলমাস সরদারের (২৮) দিকে।
ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন আলমাস। বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে আবুল কালাম সরদারের বাড়ির পেছনে মাটি চাপা দেওয়া অবস্থায় তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। দুই পক্ষই পরস্পরকে হত্যার জন্য দায়ী করছে। খবির সরদারের স্ত্রী দাবি করেন, আলমাস ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে খবিরকে হত্যা করেছে। অন্যদিকে, আলমাসের পরিবারের অভিযোগ—খবিরের অনুসারীরাই তাকে হত্যা করে মরদেহ গুমের চেষ্টা করেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একজন বাসিন্দা বলেন, “ধর্মীয় মতবিরোধ থেকে এমন ভয়াবহ ঘটনা ঘটবে, ভাবা যায় না।” জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম জানান, “আলমাস সরদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”