ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে সংঘর্ষে গুরুতর আহত নুর, আইসিইউতে ভর্তি

রাজধানীর কাকরাইলে রাজনৈতিক সহিংসতায় গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। মাথায় রক্তক্ষরণজনিত জটিলতার কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবর রহমান মঞ্জু।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত হন নুরসহ বেশ কয়েকজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নুরের মুখ ও বুক রক্তাক্ত, নাক ফেটে গেছে। দলীয় কর্মীরা তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যান। পরে রাত ১টার দিকে দলীয় নেতারা সাংবাদিকদের জানান, তার অবস্থা আশঙ্কাজনক।

রাশেদ খান বলেন, “নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। ডাক্তাররা জানাচ্ছেন, অবস্থা সঙ্কটাপন্ন।” তিনি আরও দাবি করেন, “২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা না নিলে যমুনা ঘেরাও করা হবে।” একইসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট করার দাবি জানান তিনি। এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু জানান, নুরের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং আগামীকাল দুপুর ২টায় সর্বদলীয় সভার আয়োজন করা হবে।