রাজধানীর বিজয়নগরে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে হাসপাতাল থেকে বের হওয়ার সময় গণঅধিকার পরিষদের কিছু নেতাকর্মীর ক্ষোভের মুখে পড়েন তিনি, যার ফলে আবারও হাসপাতালের ভেতরে ফিরে যেতে বাধ্য হন।
ঘটনার সূত্রপাত সন্ধ্যার পর, যখন জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে বিজয়নগরে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে নুরুল হক নুর, রাশেদ খানসহ বেশ কয়েকজন আহত হন। প্রথমে তাদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য নুরকে ঢামেকে স্থানান্তর করা হয়।
হাসপাতালে আসিফ নজরুলকে ঘিরে নেতাকর্মীরা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইন উপদেষ্টা নিরাপত্তার স্বার্থে পুনরায় হাসপাতালের ভেতরে আশ্রয় নেন।