গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর কাকরাইলে সংঘটিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৯ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ঘটনার নিন্দা জানান এবং সরকারের প্রতি আইনসম্মত তদন্তের আহ্বান জানান।
তারেক রহমান লিখেছেন, “আমরা এক সূক্ষ্ম গণতান্ত্রিক উত্তরণের সময় পার করছি, যার প্রথম ধাপ জাতীয় নির্বাচন। আজকের মতো অস্থিতিশীলতা যেন গণতন্ত্রের পথে বাধা না হয়ে দাঁড়ায়, তা আমাদের নিশ্চিত করতে হবে।” তিনি গণতন্ত্রকামী অংশীদারদের সংযম ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান এবং গত বছরের গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখার প্রয়োজনীয়তার কথা বলেন।
তিনি আরও বলেন, “বাংলাদেশকে এগিয়ে নিতে হলে মব ভায়োলেন্স সংস্কৃতির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং শান্তিপূর্ণ, স্থিতিশীল দেশ গড়তে হবে।” তারেক রহমান নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তে সরকারের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।