ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিটার্ন না দিলে আয়-ব্যয় ও সম্পদের তদন্তের নির্দেশ এনবিআর চেয়ারম্যানের

ই-টিআইএন থাকা সত্ত্বেও যারা আয়কর রিটার্ন দাখিল করছেন না, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কর কমিশনারদের নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, রিটার্ন না দেওয়া করদাতাদের আয়, ব্যয় ও সম্পদের তথ্য সরেজমিনে তদন্ত করে আইন অনুযায়ী কর আরোপ ও আদায় নিশ্চিত করতে হবে।

২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে রাজস্ব বিভাগের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন তিনি। সভায় কর অঞ্চলগুলোকে গোয়েন্দা কার্যক্রম জোরদার করে করফাঁকি উদঘাটনের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি, রিটার্ন প্রসেসিং, অডিট মামলা নিষ্পত্তি ও নন-ফাইলারদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপের সাপ্তাহিক প্রতিবেদন চেয়ারম্যানকে জানাতে মনিটরিং সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

এনবিআর চেয়ারম্যান আরও জানান, আগামী এক মাসের মধ্যে বন্ড কার্যক্রম বাধ্যতামূলকভাবে অনলাইনে সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সেবা না দিলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে। বন্ড সুবিধার আওতায় আনা পণ্য বাজারে বিক্রির প্রমাণ পাওয়া গেলে আমদানিকারকের লাইসেন্স বাতিল এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।