ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিপিএলে সাকিবের ব্যাটে ঝড়—২৬ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংস

সিপিএল ২০২৫-এ সাকিব আল হাসান দেখালেন ব্যাটিং নৈপুণ্যের নতুন রূপ। সেন্ট লুসিয়ার বিপক্ষে মাত্র ২৬ বলে ৬১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছেন তিনি। ২০ বলেই তুলে নেন হাফ সেঞ্চুরি, যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস হিসেবে বিবেচিত হচ্ছে।

ক্রিকেটে ফেরার পর বল হাতে ধারাবাহিক পারফরম্যান্স থাকলেও ব্যাট হাতে সাকিব ছিলেন কিছুটা ছন্দহীন। তবে এই ম্যাচে তার ব্যাট যেন কথা বলল পুরোদমে। অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলতে নেমে পাওয়ারপ্লেতে ২ উইকেট পড়ে যাওয়ার পর সাকিবের আগমনেই বদলে যায় ম্যাচের গতি। যদিও ২০৪ রানের বড় পুঁজি নিয়েও শেষ পর্যন্ত ৬ উইকেটে হেরে যায় তার দল।

ম্যাচ শেষে অধিনায়ক ইমাদ ওয়াসিম বলেন, “সাকিবের ইনিংস ছিল দুর্দান্ত। সে আমাদের জন্য ম্যাচে ফিরে আসার সুযোগ তৈরি করেছিল।” আরেক সতীর্থ আমির জাঙ্গুও মন্তব্য করেন, “সাকিব ছিল একদম ‘ক্লাস’। তার আগ্রাসী ব্যাটিং আমার কাজ অনেক সহজ করে দিয়েছে।”

এই ম্যাচ শেষে ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস।