রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ সহিংসতা শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করে।
ঘটনার সূত্রপাত হয় গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার অভিযোগকে কেন্দ্র করে। এ ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। সমাবেশ শেষে তারা পল্টনে নিজেদের কার্যালয়ের দিকে রওনা দেন, এর কিছুক্ষণের মধ্যেই জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।
এর আগে, গত ৩১ আগস্ট একই কার্যালয়ে মিছিল নিয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তখন পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সর্বশেষ ঘটনায়ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।