রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারকে ঘিরে শুক্রবার বিকেলে বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা দরবারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং এক পর্যায়ে কবর থেকে মরদেহ তুলে পদ্মা মোড়ে পুড়িয়ে ফেলে। এ ঘটনায় দুইজনের মৃত্যু হয় এবং পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাসহ অন্তত ৫০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর মুক্তিযোদ্ধা আনছার ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ থেকে মিছিল বের হয়। প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মিছিলকারীরা দরবারে গিয়ে হামলা চালায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ও পুলিশের গাড়িতেও ভাঙচুর হয়। পরে সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পেছনে রয়েছে গত ২৩ আগস্ট নুরাল পাগলের মৃত্যুর পর দরবার চত্বরে উঁচু বেদিতে দাফনকে কেন্দ্র করে বিরোধ। ‘ইমান আকিদা রক্ষা কমিটি’ কবর স্বাভাবিক করার আল্টিমেটাম দিয়েছিল। শুক্রবার সকালে দরবার কর্তৃপক্ষ কবর নিচু করা ও সাইনবোর্ড অপসারণের ঘোষণা দিলেও বিক্ষোভকারীরা তাতে সন্তুষ্ট হয়নি। রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম জানান, “পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছিল, তবে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা এড়ানো সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”