লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহনের একটি বাস খালে পড়ে নিহত ২। পুলিশসহ স্থানীয়রা ৩ জনকে অচেতন অবস্থায় ও ১৪ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। এর মধ্যে হাসপাতালে ২ জন মারা গেছে, বাকি ১ জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ৮টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস রহমতখালী খালে পড়ে যায়। এখন পর্যন্ত উদ্ধারকাজ চলছে। তবে কারও নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, উদ্ধার করা যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ২ জন মারা গেছে। বাকি আরও ১ জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনের সহায়তায় সকলকে উদ্ধার করেছি।