ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শেষ হয়। আনুষ্ঠানিকতা শেষে বিকেল পৌনে ৫টার দিকে শুরু হয় ভোট গণনা। স্বচ্ছতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিটি কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে সরাসরি গণনার দৃশ্য প্রদর্শনের ব্যবস্থা করে। স্ক্রিন চালু হতেই শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, অনেকে ভিড় জমিয়ে ফলাফল দেখতে থাকেন।
ভোট শেষ হওয়ার পর থেকে কেন্দ্রগুলোর সামনে প্রার্থী, সমর্থক ও শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় দেখা যায়। ফলাফল নিয়ে চলছে নানা আলোচনা ও অনুমান। নিয়ম অনুযায়ী, গণনা চলাকালে পোলিং এজেন্ট ও নির্বাচনী কর্মকর্তাদের বাইরে অন্য কাউকে কেন্দ্রের ভেতরে প্রবেশ বা বের হওয়ার অনুমতি নেই।
সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে টানা ৮ ঘণ্টা। ক্যাম্পাসের আটটি কেন্দ্রে অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান জানান, অনেক কেন্দ্রে ভোটের হার ৭০ শতাংশের বেশি হয়েছে, যা শিক্ষার্থীদের প্রত্যাশিত সাড়া প্রমাণ করে। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী এবং হল সংসদের ২৩৪টি পদে এক হাজার ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।