বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে আওয়ামী লীগকে ‘সবচেয়ে বড় রাজাকার’ হিসেবে অভিহিত করেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি লেখেন, “রাজাকারের আক্ষরিক সংজ্ঞার বাইরে রাজনৈতিক ব্যাখ্যা হলো—যারা দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে অন্য রাষ্ট্রের পক্ষে কাজ করে। এই সংজ্ঞা অনুযায়ী, বর্তমান সময়ে কাদেরকে রাজাকার মনে হয়? হ্যাঁ, যাদের আপনি ভাবছেন, তারাই।”
ফারুকী আরও উল্লেখ করেন, “আমি এক লেখায় বলেছিলাম, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল কীভাবে স্বাধীনতা বিরোধী শক্তিতে পরিণত হলো—এটি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় হতে পারে।”
তিনি বলেন, “স্বাধীনতা বিরোধী শক্তি মানে সেই গোষ্ঠী, যারা দেশের সার্বভৌমত্ব অন্যের হাতে তুলে দেয়। গত ১৬ বছরে বাংলাদেশ এমন পরাধীন অবস্থায় আর কখনো ছিল না। ফলে জনগণ এখন আওয়ামী লীগকেই সবচেয়ে বড় রাজাকার হিসেবে দেখে। ১৪ জুলাই ২০২৪-এ এই ‘রাজাকার কার্ড’-এর পুরনো ব্যবহার বাতিল হয়ে গেছে।”
সমসাময়িক বাস্তবতার ভিত্তিতে নায়ক-ভিলেন নির্ধারিত হয় বলেও মন্তব্য করেন তিনি। “১৯৪৭-এর নায়ক একাত্তরে ভিলেন হতে পারে, আবার একাত্তরের নায়ক ২০২৪-এ ভিলেন হয়ে যেতে পারে। একাত্তরের শহীদরা ২০২৪-এর অপরাধীদের রক্ষা করতে আসবেন না,” বলেন ফারুকী।