অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন আয়োজন ছাড়া বিকল্প নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
দুই ঘণ্টার ওই বৈঠকে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্বগুলোর একটি হলো প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা। তাই নির্বাচন ও বিচারের পাশাপাশি জুলাই সনদের বাস্তবায়নকেও সমান গুরুত্ব দিতে হবে।
ড. ইউনূস আরও উল্লেখ করেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচন কেবল একটি সাধারণ ভোট নয়; এটি হবে দেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের ভিত্তি। সেজন্য সংস্কারগুলো দ্রুত চূড়ান্ত করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।”
বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি, রাজনৈতিক দলগুলোর প্রস্তাব এবং ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই এই প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেওয়া হবে। এ বিষয়ে পরবর্তী বৈঠক হবে ১৪ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে।
সভায় কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও আলোচনায় অংশ নেন।