শরীয়তপুর জেলার জাজিরায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। কারণ, পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিম দুপুরে নিজের আয়োজিত ভোজসভায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের সভাপতি মোক্তার বেপারীকে দাওয়াত দিয়ে খাওয়ালেন। অথচ সমালোচনা ছড়িয়ে পড়তেই রাতেই তাকেই গ্রেপ্তার দেখালেন। স্থানীয়দের দাবি—এটা নিছক গ্রেপ্তার নয়, বরং ওসির নিজের দোষ ঢাকার কৌশল।
শনিবার ১৩ সেপ্টেম্বর ভোরে উপজেলার নাওডোবার কালু বেপারী কান্দির নিজ বাসা থেকে ওই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিম।
এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে থানার ভেতরে অনুষ্ঠিত মাসিক ভোজের আয়োজন করেন ওসি সেলিম নিজেই। এতে অতিরিক্ত পুলিশ সুপারসহ বিশেষ অতিথি ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অথচ সেই ভোজসভায় টেবিলের এক পাশে বসানো হয় নাওডোবা ইউনিয়ন যুবলীগ সভাপতি মোক্তার বেপারীকে।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে। এর কিছু ঘণ্টার মধ্যেই ওসি মোক্তার বেপারীকে গ্রেপ্তার দেখান। ফলে প্রশ্ন উঠেছে—যাকে দুপুরে নিজে খাইয়েছেন, তাকেই রাতে গ্রেপ্তার করার কারণ কী? এটা কি আইনের প্রয়োগ, নাকি নিজের দায় আড়াল করার চেষ্টা?
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিম বলেন, ‘আমাদের নিয়মিত ভোজ অনুষ্ঠানে তিনি নাওডোবা বাজার কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। পরে জানতে পারি, তিনি যুবলীগের নেতা। এরপর সার্কেল স্যারের নির্দেশে তাকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।’
ওসি আরও জানান, মোক্তার বেপারীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানতে চাইলে শরীয়তপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘আমরা যে কাউকেই গ্রেপ্তার করতে পারি, যদি মনে হয় সে কোনো অপরাধের সঙ্গে জড়িত আছে। ওসির বিষয়ে আমরা খতিয়ে দেখছি। কেন এটা করেছে, আমরা জানব। ওসি যদি কোনো দোষ করে থাকেন, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’