শরীয়তপুরে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে রবিবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম সভায় সভাপতিত্ব করেন।
সভায় সড়ক পরিবহন খাতে বিশৃঙ্খলা দূর করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলো হলো—
রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলতে পারবে না।
সিএনজি ও অটোরিকশাকে ধাপে ধাপে নিবন্ধনের আওতায় আনা হবে।
যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিশ্চিত করা হবে।
সভায় শরীয়তপুর জেলার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিআরটিএ প্রতিনিধি, পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে হলে পরিবহন মালিক-শ্রমিক, চালক এবং যাত্রী—সব পক্ষকে সচেতন হতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো এবং যানবাহন ব্যবস্থাপনায় আধুনিকতা আনার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম সভায় বলেন, “জনস্বার্থে সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন কঠোর অবস্থানে যাবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।”