ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ১৭ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লুৎফুজ্জামান বাবর, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

প্রায় দেড় যুগ পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ দেখা দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২২ মিনিটে তিনি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

অপেক্ষা ভাঙা এ সাক্ষাতে একটি মুহূর্ত বিশেষ দৃষ্টি কাড়ে—বাবরকে দেখে উপদেষ্টা উঠে দাঁড়িয়ে বারবার ‘স্যার’ বলে সম্বোধন করে উষ্ণ আলিঙ্গন জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে বাবর জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ উঠে এসেছে আলোচনায়। তিনি বলেন,
“তারেক রহমানের ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। তিনি দ্রুত দেশে ফিরবেন, দোয়া করবেন।”

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মত দেন তিনি। বাবরের ভাষায়,
“উনারা ভালো করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন, আন্তরিকতার কোনো কমতি নেই। বিএনপিও সহযোগিতা করবে।”

এ ছাড়া লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার না হওয়া এবং ভারতের মাটিতে আওয়ামী লীগের বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, ২০০১–২০০৬ মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বাবর। ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও ২০২৪ সালের ডিসেম্বরে হাইকোর্ট তাকে খালাস দেন। চলতি বছরের জানুয়ারিতে সব মামলা থেকে মুক্তি পেয়ে তিনি প্রায় সাড়ে ১৭ বছর পর কারাগার থেকে মুক্ত হন।