ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাজিরায় অটোভ্যান চালককে চোখ উপড়ে হত্যাচেষ্টা: প্রধান আসামি ‘মাদক সম্রাট সুম’ গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় অটোভ্যান চালক রমজান মোল্লাকে চোখ উপড়ে, আগুনে পুড়িয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টার মামলার প্রধান আসামি সুমন শিকদার (২৫) ওরফে ‘মাদক সম্রাট সুম’কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর বল্লালবাড়ি এলাকা থেকে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প ও র‌্যাব-১১ নারায়ণগঞ্জের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তার সুমন জাজিরা উপজেলার আলিমুদ্দিন শিকদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে গত ৬ সেপ্টেম্বর সকালে সুমন ভুক্তভোগী রমজান মোল্লাকে ফোনে ডেকে নেয়। পরে সহযোগীদের সঙ্গে মিলে মহর আলী শিকদার কান্দির একটি বাঁশবাগানে নিয়ে গিয়ে তাকে অমানবিকভাবে নির্যাতন করা হয়। এ সময় স্ক্রু-ড্রাইভার দিয়ে তার দুটি চোখ উপড়ে ফেলা হয়, শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে রমজানের স্ত্রী ইসমোতারা বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় মামলা করেন। এ ঘটনার নৃশংস ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

র‌্যাব-৮ সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, “এটি একটি নৃশংস ও মানবতাবিরোধী ঘটনা। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।”