ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

সাভারের উলাইলে ডিপজল পাইকারি বাজার এলাকায় ভাসমান দোকানে চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মার্কেট কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন এ অভিযোগ করেন। এর আগে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সাভারের উলাইলের ডিপজল পাইকারি বাজারের সামনে ভাসমান দোকানে দুই যুবক চাঁদা নেওয়ার জন্য গেলে দোকানদাররা চাঁদা দিতে অস্বীকার করেন। এ সময় ওই দুই যুবক সেখানে হট্টগোল শুরু করে এবং এক ব্যবসায়ীকে রিকশায় উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অন্য দোকানিরা সবাই একজোট হয়ে তাদেরকে ধরে উত্তম মাধ্যম দেয়। এ সময় চাঁদাবাজরাও মার্কেটের মালিক পক্ষের এক কর্মকর্তা আজহার উদ্দিন চিশতীসহ ৫ জনকে পিটিয়ে আহত করে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর দুই চাঁদাবাজকে পলাশ ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়েছে।

মার্কেটের এক কর্মকর্তা বলেন, চাঁদাবাজদের কারণে তারা অসহায় হয়ে পড়েছেন, যখন তখন চাঁদাবাজরা আসে চাঁদা চাইতে। বিষয়টি তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

ডিপজল পাইকারি বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন আরও জানান, আহতদের মধ্যে গুরুতর আজহার উদ্দিন চিশতীকে এনাম মেডিকেলের ৭ম তলায় ভর্তি করা হলে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।