ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন

তৃণমূল পর্যায়ে নাগরিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে শরীয়তপুরে নবনির্মিত নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (২য় পর্যায়) এর আওতায় সারাদেশে নবনির্মিত ৩টি নগর মাতৃসদন কেন্দ্র ও ৮টি নগর স্বাস্থ্যসেবা কেন্দ্র ভবনের উদ্বোধন করা হয়। এর মধ্যে শরীয়তপুরে আটং হাতেম ঢালী নগর মাতৃসদন কেন্দ্র ও বালুচড়া আয়েশা কোব্বাত আলী পাহাড় নগর স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় সচিবালয় থেকে ভার্চুয়ালি এই কেন্দ্রগুলোর উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের আরবান প্রাইমারি হেলথ কেয়ার (ইউপিএইচসিডিপি) সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট–২ এর দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, “তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ ধরনের কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. ওয়াহিদ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এসএম রাফেউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবক ও সাংবাদিকরা।