ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সফল এক বছর | আইনশৃঙ্খলা ও জনআস্থায় ওসি মুহা. আসলাম উদ্দিনের দৃষ্টান্ত

শরীয়তপুর জেলার নড়িয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের এক বছর পূর্ণ করেছেন মুহা. আসলাম উদ্দিন মোল্লা। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী কার্যক্রম, সামাজিক শান্তি প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের আস্থা অর্জনে দৃঢ় ভূমিকা রেখে আসছেন।

দায়িত্ব পালনকালে নারী ও শিশু নির্যাতন মামলায় দ্রুত পদক্ষেপ নিয়ে তিনি আলোচিত হয়েছেন। ধর্ষণ ও নির্যাতনের মতো স্পর্শকাতর ঘটনায় ভুক্তভোগীর পাশে দাঁড়িয়ে অভিযুক্তদের গ্রেফতার ও আইনের আওতায় আনতে কঠোর অবস্থান নেন। এতে অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের আস্থা বেড়েছে।

ওসি আসলাম উদ্দিন দায়িত্ব নেয়ার পর মাদকবিরোধী অভিযান জোরদার করেন। বিভিন্ন সময়ে তিনি প্রকাশ্যে ঘোষণা দেন— “মাদক নয়, সুন্দর জীবন বেছে নিন।” জনগণকে সচেতন করার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে বেশ কিছু চক্রকে আইনের আওতায় আনেন।

শুধু আইনশৃঙ্খলা নয়, সামাজিক সমস্যাতেও তিনি ছিলেন সক্রিয়। মাতৃহারা বা পারিবারিক নির্যাতনের মতো ঘটনায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। স্থানীয় জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। তরুণদের কাছে তিনি হয়ে উঠেছেন একজন অভিভাবকের মতো।

তার দায়িত্বশীলতা ও সফল কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে একাধিকবার পুরস্কৃত হয়েছেন। যা তার পেশাদারিত্ব, নিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

এক বছরের দায়িত্বপালনে ওসি মুহা. আসলাম উদ্দিন মোল্লা নড়িয়ায় অপরাধ দমন ও জনআস্থা অর্জনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্থানীয় জনগণ আশাবাদ ব্যক্ত করেছেন— ভবিষ্যতেও তার নেতৃত্বে নড়িয়া থানা আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।

মুহা. আসলাম উদ্দিন মোল্লা রাজবাড়ী জেলার সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের বাসিন্দা। শিক্ষাজীবন শেষে ২০০৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি। কর্মজীবনে পুলিশ বিভাগের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে। বর্তমানে নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। সততা, মানবিকতা ও জনবান্ধব আচরণের জন্য তিনি সাধারণ মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত।

নিজের এক বছরের দায়িত্বপালন প্রসঙ্গে ওসি মুহা. আসলাম উদ্দিন মোল্লা বলেন—“পুলিশ জনগণের জন্য, জনগণের নিরাপত্তাই আমাদের প্রধান দায়িত্ব। আমি সর্বদা চেষ্টা করেছি নড়িয়ার মানুষকে আইনের সেবা দ্রুত ও সঠিকভাবে দিতে। জনগণের ভালোবাসা ও আস্থা আমাকে আরও অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও অপরাধ দমন ও শান্তি প্রতিষ্ঠায় আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো।”