বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক দল নিষিদ্ধের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাহী আদেশে নয়, বরং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত।
১৬ সেপ্টেম্বর রাতে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করার প্রবণতা ভবিষ্যতে ভয়ংকর চর্চায় পরিণত হতে পারে। যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে স্বৈরাচারী শাসনের সঙ্গে যুক্ত আরও ২৮টি দলকেও নিষিদ্ধ করতে হবে। এতে জাতীয় ঐক্য বিনষ্ট হবে এবং পতিত শক্তি সুযোগ নিতে পারে।”
তিনি আরও বলেন, “নির্বাচন বিলম্বিত বা বাধাগ্রস্ত করতে যেকোনো রাজনৈতিক কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। ভোটাধিকার, গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ দীর্ঘ ১৬–১৭ বছর সংগ্রাম করেছে, শহীদ হয়েছে।”
রাষ্ট্রব্যবস্থা সংস্কারের দাবিকে ‘গণদাবি’ হিসেবে অভিহিত করে সালাহউদ্দিন বলেন, “এই দাবি তখনই বাস্তবায়িত হবে, যখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ সরকার গঠন করতে পারবে। যারা এই পথে বাধা সৃষ্টি করবে, জনগণই তাদের জবাব দেবে।”