২১ সেপ্টেম্বর, খুলনা — বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, “বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একমাত্র রক্ষাকবচ।” তিনি অভিযোগ করেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির মাধ্যমে বিদায়ী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। তবে “মিথ্যার আশ্রয়ে জনগণকে ধোঁকা দিতে চাইলে আন্দোলনের মাধ্যমে দাঁতভাঙা জবাব দেওয়া হবে” বলেও হুঁশিয়ারি দেন।
রোববার বিকেলে খুলনার রূপসা উপজেলার পূর্ব রূপসা ঘাটে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় তিনি অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানান।
তিনি বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রয়োজন হলে তা বিচারিক প্রক্রিয়ায় হতে হবে।” নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই একটি মহল অযাচিত ইস্যু তুলে ধরে সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
পিআর পদ্ধতি প্রসঙ্গে আজিজুল বারী বলেন, “বাংলাদেশের অধিকাংশ ভোটার এ বিষয়ে অবগত নন। তাই প্রচলিত পদ্ধতিতেই নির্বাচন হওয়া উচিত।” তিনি আরও বলেন, “একটি রাজনৈতিক দল ৫ আগস্টের আগে কোনো সক্রিয় রাজনীতি না করলেও এখন ভোটের আশায় জনগণকে বিভ্রান্ত করছে।”
সভায় খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, তৈয়েবুর রহমান, জিএম কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজল উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক। বক্তব্য দেন জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল, মহিলা দল, জাসাস ও তাঁতীদলের নেতৃবৃন্দ।