শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন ও মালামাল জব্দ করা হয়েছে। এছাড়াও আরও একটি ড্রেজারের পাইপ বিনষ্ট করা হয়েছে।
শনিবার ২০ সেপ্টেম্বর বিকেলে উপজেলার ডি.এম.খালী ইউনিয়নের ওহাব ঢালী কান্দি ও চরসেনসাস ইউনিয়নোর মাঝেরচর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আবদুল্লাহ খান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী ইউনিয়নের ওহাব ঢালী কান্দি ও চরসেনসাস ইউনিয়নের মাঝেরচর এলাকায় কৃষি জমি ও নদীতে অবৈধভাবে ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও মালামাল জব্দ করা হয়েছে। পাশাপাশি বালু উত্তোলনের কাজে জড়িত আরও একটি ড্রেজারের পাইপ বিনষ্ট করা হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আবদুল্লাহ খান বলেন, আমাদের কাছে খবর আসে দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ ড্রেজার মেশিন ও মালামাল জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, ড্রেজার ও মালামাল জব্দ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।