ঢাকা | ২৫ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন দেবে কেবল তাদেরকেই, যারা জনগণের কাছে গ্রহণযোগ্য এবং দলীয় জরিপে এগিয়ে থাকবেন। বৃহস্পতিবার রাজধানীতে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, গত দেড় বছর ধরে নির্বাচনী কার্যক্রম চালু রয়েছে এবং সারাদেশে নেতাকর্মীরা সক্রিয়ভাবে কাজ করছেন। খুব শিগগিরই মনোনয়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত নেবে বিএনপি।
ডা. জাহিদ আরও দাবি করেন, নির্বাচনকে ঘিরে দেশি‑বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করতে দল প্রস্তুত রয়েছে। তিনি উল্লেখ করেন, জনগণকে সঙ্গে নিয়ে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি অঙ্গীকারবদ্ধ।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন এবং আসন্ন নির্বাচনসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেবেন।
