ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, প্রধান উপদেষ্টার সহযোগিতার কথা জানালেন মির্জা ফখরুল

ঢাকা | ২৫ সেপ্টেম্বর ২০২৫ | 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। তিনি দাবি করেন, প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচনের পক্ষে কাজ করছেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বাংলা সংবাদপত্র ঠিকানা‑কে দেওয়া এক সাক্ষাৎকারে ফখরুল বলেন, যারা দেশের স্থায়িত্বে বিশ্বাস রাখে না, তারা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তার ভাষায়, সাম্প্রতিক সময়ে ‘মব ভায়োলেন্স’ ভয়ঙ্কর আকার নিয়েছে এবং পরিকল্পিতভাবে সাধারণ মানুষ ও প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক বিভাজন ও মিডিয়ার নেতিবাচক প্রচারণা মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি করেছে। তাই সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে আস্থা ও বিশ্বাস পুনর্গঠন জরুরি।

এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এনসিপি ও জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন দাবি থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তার ভাষায়, রাজনৈতিক দল সবসময় দরকষাকষি করে, এটিকে অপরাধ হিসেবে দেখা উচিত নয় বরং রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করা উচিত।

সর্বশেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫