ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূল আসামি ঢাকায় গ্রেফতার

ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৫
শরীয়তপুরের ডামুড্যা থানায় রুজুকৃত এক চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূল আসামি মনির হোসেন ব্যাপারী (৪৪)–কে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-৮ মাদারীপুর সিপিসি-৩ এবং র‍্যাব-৪ সদর কোম্পানির একটি যৌথ দল বৃহস্পতিবার ভোর ৬টা ২০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করে।

র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ১৭ আগস্ট গভীর রাতে ডামুড্যা উপজেলার বড় শিধলকুড়া গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। এজাহার সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল স্থানীয় আব্দুল লতিফ সরদারের বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা লতিফ সরদার ও তার বড় ভাই মামুন সরদারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এরপর পরিবারের সদস্যদের গামছা ও কাপড় দিয়ে হাত-পা বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে বাড়িতে তাণ্ডব চালায়। তারা নগদ ২ লাখ ১০ হাজার টাকা ও আনুমানিক ৩ লাখ ৮০ হাজার টাকার স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পর মামুন সরদার বাদী হয়ে ডামুড্যা থানায় অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-৮ এর নির্দেশনায় মাদারীপুর সিপিসি-৩ দল গোপন সংবাদের ভিত্তিতে মনির হোসেন ব্যাপারীর অবস্থান শনাক্ত করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-৮ ও র‍্যাব-৪ যৌথ অভিযান চালিয়ে তাকে ঢাকার দারুস সালাম থানার গাবতলী এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মনির হোসেন ব্যাপারীর বাড়ি শরীয়তপুর জেলার কালকিনি উপজেলার চর ঠেঙ্গামারা গ্রামে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।