ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে মাসিক পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

শরীয়তপুর, ২৭ সেপ্টেম্বর ২০২৫
শরীয়তপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে শনিবার জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে মাসিক পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ কনফারেন্সে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবুল বাশার মিঞা।

কনফারেন্সের সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাকিব হোসেন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার শরীয়তপুরের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ, র‌্যাব-৩ এর স্কোয়াড কমান্ডার মো. তারিক রহমান, জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি সহকারী কমিশনার মো. মেহেদী হাসান পলাশ, পিবিআই গোপালগঞ্জের প্রতিনিধি পরিদর্শক মো. মাইনুল ইসলাম, শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হাবিবুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. কাওছার আহম্মেদ, বিজ্ঞ পিপি মনিরুজ্জামান (দিপু), জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুল হাসান, জেল সুপারের প্রতিনিধি আসমা আক্তার পাপিয়া এবং বিভিন্ন থানার ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।

উদ্বোধনী বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবুল বাশার মিঞা ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করতে পুলিশ বিভাগ, ম্যাজিস্ট্রেসি এবং তদন্ত সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাম্প্রতিক ফৌজদারি কার্যবিধির ৩৬ ও ৪১ নং সংশোধনী অধ্যাদেশের মাধ্যমে বিচারপ্রক্রিয়ায় আনা কাঠামোগত পরিবর্তনগুলোর বিষয়ে উপস্থিতদের সচেতন হওয়ার আহ্বান জানান।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ নতুন সংশোধনী নিয়ে মাল্টিমিডিয়া উপস্থাপনা দেন। এরপর উন্মুক্ত আলোচনায় থানার ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তদন্ত ও বিচার কার্যক্রমে বিদ্যমান সমস্যা ও করণীয় তুলে ধরেন।

পরিশেষে সমাপনী বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবুল বাশার মিঞা আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন।