“হে নবীন, এসো তোমরা, নব শিক্ষার ছায়াতলে” এই শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে শনিবার নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল থেকেই পুরো ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীরা নতুন শিক্ষাজীবনের সূচনা উদযাপন করল, আর শিক্ষকরা ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শরীয়তপুররের কৃতি সন্তান, জেলা শিক্ষা ট্রাস্টের মহাসচিব ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও বিএম ইউসুফ আলী।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি ছোট গল্পের মাধ্যমে শিক্ষার মূল বার্তা তুলে ধরেন।
“নিজের মধ্যে আলোকিত হওয়ার চেষ্টাই সবচেয়ে বড় শিক্ষা। শুধু বইয়ের জ্ঞান নয়, চরিত্র ও নৈতিকতাই তোমার সত্যিকারের শক্তি। আমি চাই, তোমরা নিজেকে এমনভাবে গড়ে তাও, যে শুধু নিজের নয়, পরিবারের, সমাজের ও দেশের কল্যাণেও ভূমিকা রাখতে পারো। ঠিক যেমন ছোট একটি আলো আঁধারের ভেতরেও রাতকে আলোকিত করে।”
ছাত্রী ও শিক্ষকরা তাঁর এই কথায় অনুপ্রাণিত হন। প্রধান অতিথি ঘোষণা করেন, তিনি আগামীতেও শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও সৃজনশীল কর্মকাণ্ডে পাশে থাকবেন।
স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মো. ওয়াজেদ কামাল। সভাপতিত্ব করেন একাদশ শ্রেণীর ভর্তি কমিটির আহবায়ক কোহিনূর খানম।
সঞ্চালনা করেন শিক্ষা ক্যাডার কর্মকর্তা পরিষদের সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম ছায়েদুর রহমান। সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ।
শরীয়তপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলী হোসেন।
নড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাকসুদা বেগম।
শরীয়তপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ।
বক্তারা শিক্ষার্থীদের পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভালো মানুষ হয়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কলেজের শিক্ষার্থীরা এবং খ্যাতিমান কণ্ঠশিল্পী সাবরিনা নওশিন টুশি, যার সুমধুর কণ্ঠে পুরো ক্যাম্পাস মাতোয়ারা হয়ে ওঠে।
শেষে কলেজের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অধ্যক্ষ প্রফেসর মো. ওয়াজেদ কামাল।
শিক্ষা, সংস্কৃতি ও আনন্দে ভরপুর নবীন বরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের মনে নতুন উদ্দীপনা ও স্বপ্ন জাগিয়েছে।