মুন্সিগঞ্জ, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫:
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পশ্চিম কুমারভোগ জামে মসজিদসংলগ্ন এলাকায় সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে একটি সেলুন, ফলের দোকান, চায়ের দোকান, ভাঙারির দোকান, অটো গ্যারেজ, রিকশা গ্যারেজ, অটো চার্জিং স্টেশন ও ওয়েল্ডিংয়ের দোকান। স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন জানান, রাত ২টা ২৫ মিনিটে সংবাদ পাওয়ার পর শ্রীনগর ও লৌহজং ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একযোগে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ প্রক্রিয়াধীন রয়েছে।