প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলার নাম অন্তর্ভুক্ত না করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে অরাজনৈতিক সংগঠন জাগো শরীয়তপুর।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর শহরের দুবাই প্লাজায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জাগো শরীয়তপুরের আহবায়ক আমিন মোহাম্মদ জিতু, জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন হাওলাদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক ইমরান আল নাজির ও জেলা শিবিরের সভাপতি শাখাওয়াত কাওছার।
বক্তারা বলেন, শরীয়তপুর জেলা ভৌগোলিকভাবে ফরিদপুর থেকে বিপরীতমুখী এবং ঢাকার খুবই নিকটবর্তী হওয়ায় এখানকার মানুষ ঢাকা বিভাগেই থাকতে চায়। ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত করা হলে তা স্থানীয় জনগণের জন্য যাতায়াত ও প্রশাসনিক কার্যক্রমে ভোগান্তির কারণ হবে।
বক্তারা জানান, ২০১৫ সালে ফরিদপুর বিভাগ ঘোষণার প্রস্তাব আসলে শরীয়তপুরবাসীর তীব্র আন্দোলনের মুখে সরকার সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে পারেনি। পরবর্তীতে ২০২২ সালে ‘পদ্মা বিভাগ’ নামের প্রস্তাবও নিকার বৈঠকে অনুমোদন না পাওয়ায় কার্যকর হয়নি।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লাকে নতুন বিভাগ করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়। খবরটি প্রকাশের পর শরীয়তপুরে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ, মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। এরপর গত ১২ সেপ্টেম্বর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে সর্বসম্মতভাবে ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বক্তারা আরও বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে নিকার বৈঠকে নতুন বিভাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে। এর আগেই শরীয়তপুরবাসীর দাবি স্পষ্ট জানাতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল, মানববন্ধন, গণসংযোগ, সংহতি সমাবেশ, কর্মবিরতি এবং গণসমাবেশ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, শরীয়তপুরকে যদি জোরপূর্বক ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হয় তবে শরীয়তপুরবাসী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।