ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজার পথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা: আলমার ওপর হামলার পর ভিডিও বার্তায় উদ্বেগ জানালেন শহিদুল আলম

গাজার উদ্দেশে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর *গ্লোবাল সুমুদ ফ্লোটিলা* থেকে ভিডিও বার্তা দিয়েছেন আলোকচিত্রী ও দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।

শহিদুল আলম জানান, সমুদ্রে অবস্থানকালে খবর আসে যে বহরের অগ্রভাগে থাকা জাহাজ *আলমা*-র ওপর হামলা হয়েছে। কিছুক্ষণ পর সেখান থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি বলেন,
“আমরা সবাই উদ্বিগ্ন। আলমা ছিল সবার আগে, আর আমাদের জাহাজ সবচেয়ে বড় এবং বহরের একেবারে পেছনে। আলমার সঙ্গে যা ঘটছে, তা আমাদের ওপরও আসতে পারে।”

এর দুই ঘণ্টা পর আরেকটি ভিডিও বার্তায় তিনি সমুদ্রের প্রতিকূল আবহাওয়ার কথা উল্লেখ করেন। বজ্রপাত ও উত্তাল ঢেউয়ের মধ্যে দ্রুত অগ্রসর হওয়ার চেষ্টা করছে ফ্লোটিলা। তবে পরবর্তী পরিস্থিতি অনিশ্চিত বলে জানান তিনি।

শহিদুল আলম আরও বলেন,
“ইসরায়েল অন্যদের ওপর আক্রমণ চালিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। আমরা সবাই ঝড়ের মধ্যে থেকেও একসঙ্গে দাঁড়িয়ে আছি। আপনাদের সমর্থন ও সংহতির বার্তা আমরা তাদের কাছে পৌঁছে দেব।”

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী, সাংবাদিক ও স্বেচ্ছাসেবীরা অংশ নিয়েছেন। তাঁদের লক্ষ্য গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। তবে ইসরায়েলি বাহিনী পূর্বেও একাধিকবার এ ধরনের নৌবহরে হামলা চালিয়েছে।