দীর্ঘ এক দশক পর সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠিত হয়েছে। ইতোমধ্যে কমিশন তাদের কার্যক্রম শুরু করেছে এবং আগামী ছয় মাসের মধ্যে নতুন স্কেলের সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে।
বর্তমানে কমিশন সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কাছ থেকে উন্মুক্ত মতামত গ্রহণ করছে, যার শেষ তারিখ ১৫ অক্টোবর। এরপর সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করে চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করা হবে।
কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, “দশ বছর পর কমিশন গঠিত হয়েছে। এই সময়কালে মূল্যস্ফীতি বেড়েছে, তাই নতুন কাঠামোতে তা বিবেচনায় নেওয়া হবে।”
নতুন স্কেলে মূল বেতন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ১ম গ্রেডের সর্বোচ্চ বেতন হতে পারে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের সর্বনিম্ন বেতন ১৬ হাজার ৫০০ টাকা। নতুন নিয়োগপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের বেতন শুরু হবে ৪৪ হাজার টাকা থেকে, যা বর্তমানে ২২ হাজার টাকা।
বর্তমান ২০টি গ্রেড ভেঙে সংখ্যা কমিয়ে বেতনের অনুপাত ১২:১, ১০:১ বা ৮:১ এর মধ্যে সামঞ্জস্য করার চিন্তাভাবনা চলছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, “নতুন পে স্কেল ২০২৬ সালের শুরুতেই কার্যকর হতে পারে। এর জন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেট প্রকাশের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে।”
এদিকে, পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও ভূটানের বেতন কাঠামো পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে ঘোষিত পে স্কেলে সর্বোচ্চ গ্রেডের বেতন ৪০ হাজার থেকে ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন ৪ হাজার থেকে ৮ হাজার ২৫০ টাকায় উন্নীত হয়েছিল।