জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও প্রক্রিয়া নিয়ে দেখা দিয়েছে মতভিন্নতা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোববার (৫ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চতুর্থ দিনের মতো আলোচনায় অংশ নিয়ে দলগুলো নিজেদের অবস্থান তুলে ধরে।
বিএনপি প্রস্তাব করেছে, জাতীয় নির্বাচনের দিন আলাদা ব্যালটে গণভোট নেওয়া হোক। তবে সনদের সংবিধান-সংক্রান্ত বিষয়গুলো পরবর্তী জাতীয় সংসদে সমাধান করার পক্ষে দলটি। অন্যদিকে জামায়াতে ইসলামী বলেছে, বিশেষ সংবিধান আদেশের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা দিয়ে নির্বাচনের আগেই গণভোট আয়োজন করা উচিত। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি করেছে, গণভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।
আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “জাতীয় নির্বাচনের দিন গণভোট করতে হলে সংবিধান আদেশ বা সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার প্রয়োজন নেই। জনগণই সর্বোচ্চ কর্তৃত্ব।” তিনি মনে করেন, আলাদা ব্যালটে গণভোট হলে জনরায় বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন করতে হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “যেহেতু সবাই একমত হতে পারছেন না, তাই জনগণের রায়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। আগে গণভোট হয়ে যাক, তারপর নির্বাচন।” তিনি নভেম্বর বা ডিসেম্বরে গণভোট আয়োজনের প্রস্তাব দেন।
এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, “গণভোটের আগে জুলাই সনদকে একটি লিগ্যাল ফ্রেমওয়ার্কে আনতে হবে। নির্বাচিত সংসদকে দ্বৈত ভূমিকা দিতে হবে—সংসদীয় কার্যক্রমের পাশাপাশি সংবিধান সংস্কারের দায়িত্বও তাদের নিতে হবে।”
বৈঠক শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের বলেন, “সব রাজনৈতিক দলই গণভোটের বিষয়ে একমত হয়েছে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য।” তিনি জানান, ফেব্রুয়ারির নির্বাচনের আগে কমিশন সুপারিশ চূড়ান্ত করতে চায়।
এর আগে সকালে কমিশন সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। সেখানে প্রধান উপদেষ্টা দ্রুত সুপারিশ চূড়ান্ত করার তাগিদ দেন। কমিশন আশা করছে, ১৫ অক্টোবরের মধ্যে সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া সম্ভব হবে।