ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শারজাহে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ, সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে সিরিজে ৩-০ জয়

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৫ অক্টোবর) আফগানিস্তানকে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগাররা ১৮তম ওভারে ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান শুরুতেই চাপে পড়ে। ৪০ রানের আগেই তারা হারায় তিন উইকেট। এরপর দারবিশ রসুলি (৩২), সিদ্দিকুল্লাহ অটল (২৮) ও মুজিব উর রহমান (২৩*) কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান তোলে আফগানরা। বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব নেন ২টি করে উইকেট। শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন নেন একটি করে উইকেট।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ইমনকে হারায় বাংলাদেশ। ১৬ বলে ১৪ রান করে তিনি আউট হন। তবে এরপর সাইফ হাসান ও তানজিদ হাসানের ৫৫ রানের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয়। তানজিদ ৩৩ বলে ৩৩ রান করে ফেরেন।

এরপর অধিনায়ক জাকের আলীকে নিয়ে এগোতে থাকেন সাইফ। তবে দলীয় ১০৯ রানের মাথায় মুজিব উর রহমানের পরপর দুই বলে জাকের ও শামিম হোসেন আউট হয়ে গেলে কিছুটা চাপ তৈরি হয়। কিন্তু সাইফ হাসানের ব্যাটে সেই চাপ কাটিয়ে ওঠে বাংলাদেশ।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক পূর্ণ করেন সাইফ। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৬৪ রানে। নুরুল হাসান ১০ রানে সঙ্গ দেন। ১২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগাররা।

এই জয়ে বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় এবং আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের স্বাদ পায়।