বুধবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ অংশে তিন ঘণ্টা যানজটে আটকে থেকে অবশেষে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে পৌঁছান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সরেজমিনে মহাসড়কের বেহাল অবস্থা পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
সকাল সোয়া ১০টায় মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনে ঢাকার কমলাপুর থেকে ভৈরব পৌঁছান উপদেষ্টা। সেখান থেকে সড়কপথে আশুগঞ্জের হোটেল উজান ভাটি হয়ে সরাইল বিশ্বরোডের উদ্দেশে যাত্রা শুরু করেন। কিন্তু সোহাগপুর, সোনারামপুর ও বেড়তলা এলাকায় যানজটে আটকে পড়ে তার গাড়িবহর। পরিস্থিতি এতটাই নাজুক ছিল যে, বাধ্য হয়ে তিনি মোটরসাইকেলে করে গন্তব্যে পৌঁছান।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে অস্থায়ী কার্যালয় স্থাপন করে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সেখানে নিয়মিত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি কেউ অবহেলা করেন বা অফিসে অনুপস্থিত থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “এই যানজটের মূল কারণ ট্রাফিক বিভাগের গাফিলতি। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।” বিশ্বরোড এলাকায় একটি উড়াল সেতু নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি, যার ডিজাইন ও প্রকল্প বাস্তবায়নের নির্দেশ ইতিমধ্যে সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে।
রেলপথে যাত্রীচাপ বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, “সড়কপথের দুরবস্থার কারণে রেলপথে অতিরিক্ত চাপ পড়ছে। দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করতে হবে।”
পরিদর্শনের সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।