ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা, মাদক ব্যবসায়ী ছিনতাই; দুই পুলিশ আহত, চারজন আটক

জামালপুর, ৯ অক্টোবর ২০২৫:
জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের সওদাগরপাড়া এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাতে এ ঘটনায় এক এসআইসহ দুই পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকার সুরুজ আলীর ছেলে লিটন মিয়াকে (৪৫) ১০০ পিস ইয়াবাসহ আটক করে। তবে তাকে থানায় নেওয়ার সময় তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায় এবং লিটনকে ছিনিয়ে নেয়। এতে এসআই রাসেল ও কনস্টেবল আমিরুল ইসলাম আহত হন। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পরে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”