ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে চাল বিতরণে দুর্নীতির খবর ছাপায় সাংবাদিককে মামলার হুমকি


শরীয়তপুর, ৮ অক্টোবর ২০২৫:

শরীয়তপুরের নড়িয়ায় সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে মামলায় জড়ানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান ওরফে সাগরের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার ডটকমের শরীয়তপুর প্রতিনিধি আশিকুর রহমানের মুঠোফোনে কল করে তিনি এ হুমকি দেন।

ঘড়িষার ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ছিলেন মতিউর রহমান। চাল বিতরণে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে তার ডিলারশিপ বাতিল করে খাদ্য অধিদপ্তর। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে ক্ষুব্ধ হয়ে তিনি সাংবাদিককে হুমকি দেন বলে অভিযোগ।

সাংবাদিক আশিকুর রহমান বলেন, “অনিয়মের খবর প্রকাশ করায় আমাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”

অভিযোগের বিষয়ে মতিউর রহমান দাবি করেন, তিনি কাউকে হুমকি দেননি। তবে ইউএনও আব্দুল কাইয়ুম খান নিশ্চিত করেছেন, তদন্তে তার বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

তথ্য নিউজ: দৈনিক প্রথমআলো