লক্ষ্মীপুরের রামগঞ্জে বৃহস্পতিবার রাতে এক মর্মান্তিক হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে কলেজছাত্রী তানহা আক্তার মীম (১৯)। দুর্বৃত্তরা তাদের নিজ বাড়িতে একা পেয়ে জবাই করে হত্যা করে এবং প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মঙ্গল বাড়িতে।
নিহত জুলেখা বেগম স্থানীয় সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী এবং মীম তাদের একমাত্র কন্যা। মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার সময় বাড়ির পুরুষ সদস্যরা বাজারে অবস্থান করছিলেন।
স্থানীয়রা জানান, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে মা-মেয়েকে হত্যা করে। পরে পরিবারের সদস্যরা বাজার থেকে ফিরে এসে ঘরের মেঝেতে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। চারপাশে রক্ত ছড়িয়ে ছিল। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে জানানো হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, “দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। ঘাতকরা স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে।